শেষ বলে জয়ের জন্য দরকার ৪ রান। বোলিংয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার পাকিস্তানের সাদিয়া ইকবাল। ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের জেন ম্যাগুয়ের; নিজের ইনিংসে প্রথম বলটি খেলতে তিনি প্রস্তুত।
তখন পর্যন্তও জয়ের দৌড়ে এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু কিসের কী, ম্যাগুয়ের মেরে দিলেন ছক্কা! ডাবলিনে কাল রাতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ম্যাগুয়েরের এই ছক্কায় ৪ উইকেটের জয় পায় আয়ারল্যান্ড, আর ম্যাগুয়ের গড়েছেন বিশ্ব রেকর্ড।
ম্যাগুয়েরই প্রথম ক্রিকেটার, যিনি নিজ ইনিংসে প্রথম বলে ছক্কা মেরে আন্তর্জাতিক ম্যাচ জেতালেন। এর আগে অনেকেই শেষ বলে ছক্কা মেরে জেতালেও সেগুলো কারও ইনিংসের প্রথম বল ছিল না।
জয়ের পর ম্যাগুয়ের বলেছেন, ‘মাত্র এক বল থাকায় (ব্যাটিংয়ে নামার সময়) খুব একটা ভালো লাগছিল না। রেব (রেবেকা স্টোকেল) বলল, নিজের শক্তির জায়গায় থেকে সোজা মারো। আমি সেটাই করেছি। ভাগ্য ভালো যে ফুল টস ছিল।’ ম্যাগুয়েরের কাছে জানতে চাওয়া হয়েছিল, টি–টোয়েন্টিতে এর আগে ছক্কা মেরেছন কি না? তাঁর উত্তর, ‘আন্তর্জাতিক ম্যাচে এর আগে কখনো ছক্কা মারিনি।’
মেয়েদের ঘরোয়া টি–টোয়েন্টিতে একটি ছক্কা আছে ম্যাগুয়েরের। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে এটাই তাঁর প্রথম ছক্কা।
দৈনিক জাহান