প্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপনে মেতে ওঠার দৃশ্য লিওনেল মেসির ক্ষেত্রে একেবারেই বিরল। মেক্সিকান ক্লাব আতলাসের বিপক্ষে কাল লিগস কাপের ম্যাচে এমন অচেনা মেসিকেই দেখা গেছে।
ম্যাচটা ১–১ সমতায় শেষ হচ্ছে বলে মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মেসির বানিয়ে দেওয়া বল থেকে গোল করেন মার্সেলো ভাইগান্ট। এর কিছুক্ষণ পরেই রেফারি শেষ বাঁশি বাজালে ২–১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
শেষ মুহূর্তে ভাইগান্টের সেই গোলের পরই আতলাসের উরুগুইয়ান স্ট্রাইকার মাতিয়াস কোক্কারোর সামনে গিয়ে বুনো উদ্যাপন করেন মেসি। সেই মুহূর্তে কোক্কারো মেসির দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ান ও মুচকি হাসি দেন। পরে সংবাদ সম্মেলনে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, শুধু মেসি বলেই এমন উদ্যাপন দেখার পরও তিনি চুপ ছিলেন।
ম্যাচ শেষে মেসি তাঁর কাছে গিয়ে দুঃখ প্রকাশের পর আলিঙ্গন করেছেন, এমনকি জার্সিও উপহার দিয়েছেন বলে জানিয়েছেন কোক্কারো। মেসির এই আচরণ তাঁকে আরও মহান করে তুলেছে বলে মনে করেন তিনি।
দৈনিক জাহান