প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2025 ইং
নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

আগামী বছর প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেছে টুর্নামেন্টের ড্র। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’–তে । যে গ্রুপে তাদের সঙ্গী টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ৯ বারের চ্যাম্পিয়ন চীন, দ্বিতীয় সফল দল ২ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও মধ্য এশিয়ার দল উজবেকিস্তান।
টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। ২০২৬ সালের ৩ মার্চ এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। ৬ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। এরপর তৃতীয় ম্যাচটি খেলতে বাংলাদেশকে যেতে হবে অস্ট্রেলিয়ার অন্য প্রান্তে। ৯ মার্চ পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ উজবেকিস্তান।
চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। গ্রুপের তৃতীয় দল উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী দল খেলেছে মাত্র একটি ম্যাচ। সেটিও ১৪ বছর আগে ২০১১ সালে। ঢাকায় এশিয়ান কাপের বাছাইপর্বের সেই ম্যাচে ০-৩ গোলে হারে বাংলাদেশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান