প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2025 ইং
নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে সাবেক দুই চ্যাম্পিয়ন
২০২৬ নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তাঁদের সঙ্গী টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল চীন ও উত্তর কোরিয়া।
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান।
আজ সিডনি টাউন হলে অনুষ্ঠিত হয়েছে ড্র। যেখানে অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল এএফসি। কিন্তু ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের কেউ ড্র অনুষ্ঠানে ছিলেন না।
মেয়েদের এশিয়ান কাপে এখন পর্যন্ত সফল দল চীন। ১৯৮৬ সাল থেকে ১৪ বার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সবচেয়ে বেশি ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ৩ মার্চ প্রথম ম্যাচেই চীনকে মোকাবিলা করতে হবে পিটার বাটলারের দলকে। ৬ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল উত্তর কোরিয়া। ১৯৮৯ থেকে এখন পর্যন্ত ১০ বার এশিয়ান কাপ খেলা দেশটি ২০০১, ২০০৩ ও ২০০৮ সালে শিরোপা জিতেছে। আর পাঁচবার এই টুর্নামেন্টে খেলা উজবেকিস্তানের সর্বোচ্চ দৌড় গ্রুপ পর্ব পর্যন্ত। ৯ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ।
২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম আসর। ১২ দলের সেই লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার।
১২ দলের টুর্নামেন্টে তিন গ্রুপে থাকা চারটি করে দল লড়বে নকআউটের জন্য। তিন গ্রুপের সেরা দুটি করে মোট ৬ দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুই দলও পাবে শেষ আটে খেলার সুযোগ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান