প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2025 ইং
ক্ষেপেছেন কোচ, নিষেধাজ্ঞায় খেলতে পারেননি মেসি।

লিওনেল মেসি আজও ইন্টার মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তবে খেলোয়াড় হিসেবে নয়। সিনসিনাটির বিপক্ষে মেসিকে থাকতে হয়েছে দর্শক হিসেবে। গ্যালারিতে বসে দলের ড্র করা দেখতে হয়েছে তাঁকে।
মেসি ও জর্দি আলবা আজ খেলতে পারেননি অল স্টার ম্যাচে না খেলে নিষেধাজ্ঞার মুখে পড়ায়। মেজর লিগ সকারের (এমএলএস) এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো। তিনি প্রশ্ন রেখেছেন, এটি অ্যাওয়ে ম্যাচ হলে এমএলএস কর্তৃপক্ষ একই সিদ্ধান্ত নিতে পারত কি না।
গত ৩০ এপ্রিল থেকে মায়ামির প্রতিটি ম্যাচেই ৯০ মিনিট করে খেলেছেন ৩৮ বছর বয়সী মেসি। গত ১৪ জুন থেকে খেলেছেন ৯ ম্যাচ, এর মধ্যে ৪টি ফিফা ক্লাব বিশ্বকাপে। সর্বশেষ গত ২৭ এপ্রিল মায়ামির ম্যাচে মেসিকে দেখা যায়নি। এরপর থেকে ক্লাবের কোনো ম্যাচ মিস করেননি আর্জেন্টাইন কিংবদন্তি।
এ ছাড়াও অল স্টার ম্যাচে খেলার কথা ছিল মেসির। কিন্তু শেষ পর্যন্ত খেলেননি। এমএলএসের নিয়ম অনুযায়ী, অল স্টার ম্যাচে লিগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ অংশ না নিলে পরবর্তী ম্যাচে তাঁকে খেলতে দেওয়া হয় না। সে নিয়মেই মাঠের বাইরে থাকতে হয়েছে মেসিকে। একই কারণে আলবাকেও।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান