রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের হাতে একটি পুরস্কার তুলে দিয়েছেন। পুরস্কারটি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে পৌঁছে দিতে বলা হয়েছে। ওই কর্মকর্তার ছেলে রাশিয়ার হয়ে ইউক্রেনে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন। তাঁকেই মরণোত্তর ওই পুরস্কার দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী প্রতিষ্ঠান সিবিএস সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য দিয়েছে।
ইউক্রেন যুদ্ধ শেষ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সম্প্রতি মস্কো সফর করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সে সময় তাঁর হাতে ‘অর্ডার অব লেনিন’ পুরস্কার তুলে দেন পুতিন।
২১ বছর বয়সী মাইকেল গ্লস গত বছর ইউক্রেনে নিহত হন। তিনি সিআইএর ডিজিটাল উদ্ভাবন–বিষয়ক উপপরিচালক জুলিয়েন গ্যালিনার ছেলে।
আগামী শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। আর তার আগে এ পুরস্কারের খবরটি প্রকাশিত হয়েছে। বৈঠকে ট্রাম্প ও পুতিন ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।
গ্লসকে সোভিয়েত আমলের ‘অর্ডার অব লেনিন’ পুরস্কার দেওয়ার বিষয়ে ক্রেমলিন বা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কেউই প্রকাশ্যে কথা বলেনি। এই পুরস্কার সাধারণত অসাধারণ বেসামরিক কাজের জন্য দেওয়া হয়।
পুরস্কারটি কী করা হয়েছে, তা জানা যায়নি। হোয়াইট হাউস, সিআইএ বা উইটকফ—কেউই এ ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি।
দৈনিক জাহান