অবসর নেওয়ার সিদ্ধান্ত একান্তই খেলোয়াড়ের। কিন্তু বয়স ৪৪ পেরিয়ে যাওয়ার পরও আইপিএলে খেলা চালিয়ে যাওয়াতেই মহেন্দ্র সিং ধোনিকে বারবার একই প্রশ্ন শুনতে হচ্ছে—‘অবসর কবে নেবেন?’
ভারত জাতীয় দল ও চেন্নাই সুপার কিংসের সর্বজয়ী অধিনায়ক ধোনি সেরা সময় পার করে এসেছেন অনেক আগেই। তাঁর ব্যাট আর আগের মতো কথা বলে না। আইপিএলের গত মৌসুমে ধীরগতির ব্যাটিং নিয়ে সমালোচিতও হয়েছেন। তাই ধারণা করা হচ্ছে, আগামী মৌসুম শুরু আগেই পেশাদার ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দেবেন।
অবসর ঘিরে জল্পনা যখন তুঙ্গে, ধোনি তখন ধোয়াশা রেখেই জানিয়ে দিলেন, খেলা ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর হাতে যথেষ্ট সময় আছে। ভবিষ্যতে খেলুন বা না খেলুন, চেন্নাই সুপার কিংস আর তাদের ওই হলুদ জার্সিটার প্রতি তাঁর ভালোবাসা চিরকাল অটুট থাকবে।
সম্প্রতি চেন্নাইয়ে ব্যক্তিগত এক অনুষ্ঠানে গিয়ে তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেন, দলটির সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই মাঠের খেলাতেই সীমাবদ্ধ নয়, বরং তা হৃদয়ের গভীর সম্পর্ক।
চেন্নাই সুপার কিংস মানেই ধোনি, ধোনি মানেই চেন্নাই সুপার কিংস’—ভক্তরা এমনটাই মনে করে থাকেন। ধোনির কথাতেও সেই আবেগ প্রতিফলিত হয়েছে, ‘আমি আগেও বলেছি, (অবসরের) সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো অনেক সময় আছে। আমি কোনো তাড়া দেখছি না। তবে যদি প্রশ্ন করেন, আমি আবার হলুদ জার্সিতে ফিরব কি না—আমি বলব, আমি সব সময়ই হলুদ জার্সির অংশ হয়ে থাকব। খেলছি কি না, সেটা বড় কথা নয়।’
দৈনিক জাহান