ক্রিস ওকসের কাঁধে গত রাতেই স্ক্যান করানো হয়েছে। আজ রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানাবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
লন্ডনের ওভালে গতকাল শুরু হওয়া ইংল্যান্ড–ভারত পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫৭তম ওভারের ঘটনা। জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেন করুণ নায়ার। মিড অফ থেকে দৌড়ে গিয়ে ক্রিস ওকস বাউন্ডারি ঠেকান ঠিকই, কিন্তু ডেকে আনেন নিজের সর্বনাশ।
সীমানার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচানোর সময় বাঁ কাঁধে চোট পান ওকস। কিছুক্ষণ ব্যথায় কাতরানোর পর ইংল্যান্ড দলের ফিজিওর সহায়তায় বাঁ হাত সোয়েটারে জড়িয়ে মাঠ ছাড়েন তিনি। তখনই শঙ্কা জেগেছিল, ওভাল টেস্টে হয়তো আর মাঠে নামতে পারবেন না এই পেস বোলিং অলরাউন্ডার।
শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। বিবিসির খবরে বলা হয়েছে, ওভাল টেস্টের বাকি অংশে ওকসকে আর পাবে না ইংল্যান্ড। কাল প্রথম দিনের খেলা শেষে তাঁর সতীর্থ পেসার গাস অ্যাটকিনস বিবিসি স্পোর্টকে বলেছেন, ‘তাঁর অবস্থা দেখে ভালো মনে হচ্ছে না। তিনি যদি এই ম্যাচে আবার খেলতে নামেন, তাহলে বিস্মিত হব।’
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অবশ্য এখনো ওভাল টেস্টের বাকি অংশ থেকে ওকসের ছিটকে পড়া নিশ্চিত করেনি। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডারের কাঁধে গত রাতেই স্ক্যান করানো হয়েছে। আজ রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানাবে ইসিবি।
দৈনিক জাহান