ঢাকা | বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পৌঁছে দেওয়া হয়েছে: আলী রীয়াজ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2025 ইং
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতেছবি: শুভ্র কান্তি দাস ছবির ক্যাপশন: জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতেছবি: শুভ্র কান্তি দাস
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘সে খসড়ায় জাতীয় সনদের পটভূমি, গঠনপ্রক্রিয়া, জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং জাতীয় সনদ তৈরি প্রক্রিয়ার বিষয়ে যে বর্ণনা আমরা সেটা রেখেছি।’

আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আলী রীয়াজ। সনদের বিষয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে এবং যেসব বিষয়ে আলোচনা হচ্ছে, সেগুলো আমরা অন্তর্ভুক্ত করিনি। কারণ হচ্ছে এগুলো এখন পর্যন্ত আলোচনা হচ্ছে। যদিও প্রথম পর্যায়ে অনেকগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে, কিন্তু সে বিষয়গুলোর সঙ্গে এখন যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেগুলো জড়িত থাকার ফলে এই মুহূর্তে আমরা একমত হওয়া বিষয়গুলোকেও রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাচ্ছি না। আমরা মনে করছি, সমন্বিতভাবে দিলে কাজের জন্য সুবিধাজনক হবে।’

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা তাদেরকে অনুরোধ করেছি ৩০ জুলাই বুধবার দুপুর ১২টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চায় সেগুলো আমাদেরকে জানানোর জন্য। আমরা আশা করছি, পরামর্শগুলোকে সমন্বিত করে সনদের টেক্সটা ওই দিনই তৈরি করতে পারব। ইতিমধ্যে আলোচনায় যেহেতু অগ্রগতি হচ্ছে, যেসব বিষয়ে মতৈক্য হবে, সেগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত হবে।’ তিনি বলেন, ‘অবশ্যই আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই সনদের ব্যাপারে অঙ্গীকারের বিষয়গুলোকে উল্লেখ করেছি। যদি রাজনৈতিক দলগুলো অঙ্গীকারের সঙ্গে আর কিছু যোগ করতে চায়, পরামর্শ দেয়, সেটি নিয়ে কাজ করা হবে।’


আজকের আলোচনা দুটি নির্ধারিত বিষয়ের ওপর ছিল বলে জানান আলী রীয়াজ। তিনি বলেন, একটি হলো সরকারি কর্ম কমিশন (পিএসসি), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ন্যায়পাল নিয়োগ; অন্যটি সংসদে নারীর প্রতিনিধিত্ব—যদিও দ্বিতীয় বিষয়ে আলোচনা শুরু করা সম্ভব হয়নি।

অধ্যাপক আলী রীয়াজ জানান, সরকারি কর্ম কমিশনের নিয়োগপ্রক্রিয়া নিয়ে বেশির ভাগ রাজনৈতিক দল সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছে। তবে বিএনপি ও কয়েকটি দল নিয়োগবিধান আইনের মাধ্যমে নির্ধারণের পক্ষে অবস্থান জানিয়েছে। তিনি বলেন, ‘নিয়োগপ্রক্রিয়া কীভাবে নির্ধারিত হবে, সে বিষয়ে ভিন্নমত থাকলেও পিএসসিকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ব্যাপারে দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে।’

দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরের


অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘এখন পর্যন্ত সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত। তবে নিয়োগ কমিটির সিদ্ধান্তপ্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়ে গেছে।’ তিনি আরও জানান, বিএনপি এখনো এই প্রস্তাব পুরোপুরি মেনে নেয়নি। তবে কমিশন আশাবাদী যে আগামীকাল সকালের মধ্যেই এ বিষয়ে একটি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

আজকের বৈঠকে সময়স্বল্পতার কারণে সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করা যায়নি। তবে আগামী দুই দিনের মধ্যে এ বিষয়েও আলোচনা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজকের আলোচনা শেষে প্রতিদিনকার মতো সাংবাদিকদের ব্রিফ না করে বেরিয়ে যায় বিএনপি। এর আগে সকালে আলোচনা শুরুর কিছুক্ষণ পর বৈঠক থেকে ওয়াকআউট করে দলটি। অবশ্য কিছুক্ষণ পর আবার সংলাপে অংশ নেয় তারা।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স